বুধবার, ২২ Jul ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, চাঁদাবাজি, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাজ্জাদ হোসেন পলাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মজিদুল ইসলাম ও তার ভাই মহিরুল ইসলাম।

লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, প্রায় পাঁচ বছর আগে তারা সাড়ে ১৬ শতক জমি ক্রয় করে সেখানে বসতঘর নির্মাণ এবং বিভিন্ন গাছপালা রোপণ করেন। জমির বৈধ কাগজপত্র ও রেকর্ড থাকার পরও সাজ্জাদ হোসেন পলাশ তাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে মকলেছুর রহমান, আবুল কালাম ও তাদের সহযোগীদের নিয়ে ওই জমিতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর, মালামাল লুটপাট এবং অগ্নিসংযোগ করে জোরপূর্বক দখল করে নেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা করার পর তা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বর্তমানে তারা ও তাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন উল্লেখ করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযোগ অস্বীকার করে শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে সাজ্জাদ হোসেন পলাশ বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। জেলা বিএনপির সভাপতির নাম ভাঙিয়ে কোনো ধরনের প্রভাব বিস্তারের অভিযোগও সত্য নয় বলে তিনি দাবি করেন।

এদিকে বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ওই গ্রামের আবু তালেবের ছেলে মকলেছুর রহমান এবং ছ্যান বিশ্বাসের ছেলে আবুল কালাম। বর্তমানে তারা জেল হাজতে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025