মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

রাজশাহী থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ

মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহণ শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে রাজশাহীর শিরোইল ও নওদাপাড়া বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে বিআরটিসি বাসগুলো যথারীতি চলাচল করছে।

রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল বাস বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা কাউকে বাস বন্ধের কোনো নির্দেশনা দেইনি।

শ্রমিক লীগের কয়েকজন নেতা ডিসি অফিসের সিদ্ধান্ত অমান্য করে কর্মবিরতিতে গেছে। শ্রমিক লীগের মমিন ও শাহজাহান নামের দুজন এক শ্রমিককে মারধরও করেছে। নজরুল ইসলাম হেলাল আরও অভিযোগ করেন, শ্রমিক লীগের ওই পক্ষটি নির্বাচন চায় না, তারা সংবিধান ভেঙে চেয়ার নিতে চায়। তবে প্রশাসন বাস চালুর উদ্যোগ নিয়েছে এবং দ্রুতই বাস চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, মহানগর শ্রমিক দলের সভাপতি ও শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখি বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সূত্রপাত। সোমবার (১৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, বাস মালিক সমিতি ও শ্রমিক নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে নির্বাচন না দেওয়ার জন্য শ্রমিক লীগের মমিন, শাহজাহান ও রবি চেষ্টা চালায়। তারা সিদ্ধান্ত না মেনে বৈঠক থেকে বেরিয়ে এসে নজরুল ইসলাম হেলালের চেম্বার ভাঙচুর করে এবং গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025