বুধবার, ২২ Jul ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’

সোমবার (২২ জুন) দুপুরে ছাত্রলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী।

এর আগে দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের পেছনে অবস্থিত দলীয় টেন্ট থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহণ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘ছাত্রলীগ বাড়িস না পিঠের চামড়া থাকবে না’, ‘খুনি হাসিনার আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ‘ধর ধর ধর কুত্তা ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আপা আপা করিস না পিঠের চামড়া থাকবে না’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘পাক ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধানসহ’ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী সরকারের কাছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিচারের আহ্বান জানিয়ে বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ক্যাম্পাস ও রাজশাহী জেলাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সব নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়ার নির্দেশ দিচ্ছি। এসব সংগঠনের কোনো নেতাকর্মীকে কেউ যদি প্রকাশ্যে ধরিয়ে দিতে পারেন, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ।

সমাবেশে শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের হাতে এ দেশের জনগণ গুম, খুন ও হত্যার শিকার হয়েছে। শেষ মুহূর্তে এসে ছাত্র-জনতা হত্যা করেও তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ কাজ করেনি। তারা এখন স্বাভাবিক রাজনীতিতে ফিরতে চাইলেও বাংলাদেশের জনগণ তাদের আর গ্রহণ করবে না। যেখানে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের হাত-পা সব ভেঙে চুরমার করে দিবে। এ সময় তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী দেখা মাত্র পেটানোর হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীসহ ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025