সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

শিরোনাম :

শ্রীপুরে বিএনপি নেতাকে পেটাল ছাত্রদল নেতা

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে বিএনপির এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছেন ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও শৃঙ্খলাভঙ্গের এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম অস্বস্তি বিরাজ করছে।

অভিযোগ অনুযায়ী, শ্রীপুর উপজেলার রাজবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য সাইদুর রহমানকে রোববার (২৬ এপ্রিল) দুপুরে শ্রীপুর পৌর শহরের চৌরাস্তা এলাকায় অতর্কিত হামলা চালিয়ে মারধর করা হয়। এ ঘটনায় শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরীফ শেখের নেতৃত্বে একদল কর্মী জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় লোহাগাছ গ্রামের শরীফ শেখ ও সালাউদ্দিনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী সাইদুর রহমান জানান, গত শুক্রবার (২৪ এপ্রিল) বিন্দুবাড়ী এলাকায় একটি কাঁচিটান খেলাকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনার সৃষ্টি হয়। ওই খেলায় দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে অভিযুক্তদের অসদাচরণকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তিনি সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তিনি অভিযোগ করেন, ওই ঘটনার জের ধরে রোববার আমাকে চৌরাস্তা এলাকায় একা পেয়ে অতর্কিত হামলা চালানো হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব বলেন, আমাদের একজন নেতাকে মারধর করা হয়েছে। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে দেখেছি, সাইদুর রহমানের কোনো দোষ নেই। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে। তবে অভিযুক্ত শরীফ শেখের বক্তব্য জানা যায়নি।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025