মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের নিগার ও শারমিন

নারী বিশ্বকাপ বাছাইপর্বে চমৎকার পারফরম্যান্স উপহার দেওয়ার স্বীকৃতি পেয়েছেন নিগার সুলতানা ও শারমিন আক্তার। আইসিসির টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা করে নিয়েছেন এই দুইজন।

১০ দিন ধরে চলা প্রতিযোগিতাটির সেরা একাদশ রবিবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে সর্বোচ্চ চার জন রাখা হয়েছে পাকিস্তান থেকে।

তিন জন আছেন ওয়েস্ট ইন্ডিজের ও দুইজন স্কটল্যান্ডের। আর বাকি দুজন বাংলাদেশের। রিজার্ভ ক্রিকেটার বা ১২তম ক্রিকেটারও বাংলাদেশের। তিনি বোলার রাবেয়া খান।

বাংলাদেশের হয়ে নারী বিশ্বকাপে তিন নম্বরে ব্যাটিং করেছেন শারমিন। ৫ ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে করেছেন ২৬৬ রান। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তিনটি হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাটে।

এর মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৯৪ ও স্কটল্যান্ডের বিপক্ষে ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও আছে। 

অন্যদিকে, বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা শেষ দুই ম্যাচ বাদে প্রায় প্রত্যেকটিতে দ্যুতি ছড়িয়েছেন। ব্যাট হাতে ২৪১ রান করার পাশাপশি ২টি ক্যাচ ও ৩টি স্ট্যাম্পিংও করেছেন পাঁচ নম্বরে ব্যাটিং করা এই তারকা। ১০১ রানের একটি ইনিংসও আছে তার। আরেকটি অপরাজিত ৮৩ ও ৫১ রানের ইনিংস আছে জ্যোতির।

 

রিজার্ভ খেলোয়াড় হিসেবে জায়গা করে নেওয়া রাবেয়া খানও ছিলেন বল হাতে দুর্দান্ত। মাত্র ৩.৭২ ইকোনমিতে ৬ উইকেট তুলে দিয়েছেন এই লেগ স্পিনার। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে ৩ উইকেট ছিল খুবই গুরুত্বপূর্ণ।

নারী বিশ্বকাপ বাছাইয়ের একাদশ

হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), মুনিবা আলী (পাকিস্তান), শারমিন আক্তার (বাংলাদেশ), ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড), নিগার সুলতানা (উইকেটকিপার, বাংলাদেশ), ফাতিমা সানা (অধিনায়ক, পাকিস্তান), চিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ), আলিয়াহ অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ), ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড), নাশরা সান্ধু (পাকিস্তান) ও সাদিয়া ইকবাল (পাকিস্তান)

রিজার্ভ প্লেয়ার : রাবেয়া খান (বাংলাদেশ)

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025