শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
মেহেরপুরের আমঝুপিতে অবস্থিত স্থানীয় মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) প্রধান কার্যালয়ে তালা ভেঙে পরিকল্পিতভাবে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, আজ শনিবার সকাল আটটার দিকে অফিস খোলার সময় প্রধান গেটের দুটি তালা ভাঙা দেখতে পান কর্মচারীরা। পরে অফিসে প্রবেশ করে তারা আরও তিনটি কক্ষের তালা ভাঙা দেখতে পান। কক্ষের ভেতরে রক্ষিত নগদ ৩০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও মূল্যবান ডকুমেন্ট চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে সংস্থার প্রশাসনিক বিভাগ।
বিষয়টি তাৎক্ষণিকভাবে মেহেরপুর সদর থানায় জানানো হলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং সংস্থার পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, মউকের প্রধানকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা এবং অফিসের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে কিছু দুর্বৃত্ত পরিকল্পিতভাবে এ ধরনের হীনচক্রান্ত করে চুরির ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।