মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা:
অনেক জল্পনা–কল্পনা, টানাপোড়েন ও রাজনৈতিক উত্তেজনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মেহেরপুরের গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটিতে আবারও আওয়ামী লীগের দুই নেতাকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মহসিন আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন এনামুল হক—দুজনেই আওয়ামী লীগ-এর স্থানীয় নেতা।
এর আগে এই কেন্দ্রীয় ঈদগাহ কমিটিতে সভাপতি হিসেবে রবিউল ইসলাম (গাংনী উপজেলা জামায়াতের আমীর) এবং সাধারণ সম্পাদক হিসেবে বশির উদ্দীন-কে মনোনীত করে কমিটি ঘোষণা করা হয়। তবে এ ঘোষণার পরপরই বিএনপি-র নেতাকর্মীরা তীব্র আন্দোলন শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত শুক্রবার গাংনী উপজেলা প্রশাসন-এর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস।
বৈঠকে দুই দিনের সময় নিয়ে শান্তিপূর্ণভাবে সমাধানে পৌঁছানোর সিদ্ধান্ত হয় এবং সোমবার নতুন কমিটি ঘোষণার কথা জানানো হয়। ঘোষণামতো সোমবার দুপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কতিপয় জনগণের উপস্থিতিতে পুনরায় কমিটি গঠন করা হয়। এ সময় বিএনপির গাংনী পৌর কমিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বিএনপি নেতা জামাল উদ্দীনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তে আবারও আওয়ামী লীগের বিতর্কিত নেতা হাজী মহসিন আলীকে সভাপতি এবং এনামুল হককে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়দের মতে, নতুন কমিটির কারনে আগামী দিনে এ ঈদগাহ ময়দানে নামাজে মুসল্লিদের মধ্যে মতভেদ সৃষ্টি করবে।