মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করে দেশের অর্থনীতির জন্য সহায়ক দাম পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতা ও শিল্পোদ্যোক্তারা। তারা বলেছেন, গ্যাসের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি অযৌক্তিক ও অন্যায্য। গ্যাসের দাম বাড়ায় শিল্প ও ব্যবসাবাণিজ্যের মারাত্মক ক্ষতি হবে। ২০ এপ্রিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে লেখা এক চিঠিতে এ দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ১১টি ব্যবসায়িক সংগঠনের নেতা ও দুটি শিল্পগোষ্ঠীর মালিক।
এ ছাড়া ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কথা শুনে অথবা একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন ইমপ্যাক্ট যাচাই করার অনুরোধ করেছেন তারা। চিঠিতে তারা বলেছেন, গ্যাসের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি কার্যকর হলে দেশের শিল্প খাতে তথা অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। এ পরিস্থিতিতে দেশের শিল্পমালিকরা শিল্প সম্প্রসারণে সাহসী হবেন না; বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবেন না। দেশের শিল্পক্ষেত্রে কর্মসংস্থান কমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে।
প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর শিল্পকারখানা নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে। সেই পরিস্থিতি মোটামুটি কাটিয়ে ওঠার মাঝেই পুনরায় গ্যাসের মূল্যবৃদ্ধির গুঞ্জন ওঠে। তখন ব্যবসায়ী সংগঠনের নেতারা গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিপক্ষে জোরালো ও তথ্যভিত্তিক বক্তব্য দেন। তারা প্রতি ইউনিট গ্যাসের দাম ২৪ টাকা ৩৯ পয়সা নির্ধারণের দাবি জানান। ব্যবসায়ীরা আরও বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, শিল্পপ্রতিষ্ঠান টিকে থাকা, কর্মসংস্থান ঠিক রাখার বিষয় বিবেচনা না নিয়ে শুধু সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১৩ এপ্রিল গ্যাসের মূল্যবৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে যা একেবারেই অযৌক্তিক ও বর্তমান প্রেক্ষাপটে অন্যায্য।
চিঠিতে স্বাক্ষর করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি রহমান, ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, চামড়াপণ্য ও জুতা প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (এলএফএমইবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, সিরামিক শিল্পের মালিকদের সংগঠন বিসিএমইএর সভাপতি মইনুল ইসলাম, প্লাস্টিকশিল্পের মালিকদের সমিতি বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ, তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়কপণ্য সরবরাহকারী কারখানা মালিকদের সংগঠন বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার ও উত্তরা মোটরসের চেয়ারম্যান মতিউর রহমান।